পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া ঠিক হয়নি: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

রাশেদ খাঁন স্বীকার করেন, পাটওয়ারীর ‘নোংরা ভাষার’ জবাব একইভাবে দেওয়া তার ঠিক হয়নি।

তিনি জানান, অতীতে পাটওয়ারী বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই রাশেদ খাঁন ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। রাশেদ খাঁনের মতে, পাটওয়ারীর ভাষা পরিশীলিত হলে তাকে এমন প্রতিক্রিয়া দেখাতে হতো না।

তিনি আরও বলেন, পাটওয়ারী ব্যক্তিগতভাবে তাকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিষয়টি নিয়ে ফোনে সমঝোতা হলেও পরে পাটওয়ারী তা ভেঙে ফেলেন। এছাড়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যোগ্যতা নিয়ে পাটওয়ারীর সাম্প্রতিক মন্তব্যও সবার নজরে এসেছে।

তবে নিজের ভাষা ব্যবহারের বিষয়ে রাশেদ খাঁন আত্মসমালোচনা করেছেন। তিনি বলেন, ‘টিট ফর ট্যাট’ নীতিতে প্রতিক্রিয়া দেখালেও তার ভাষা ব্যবহারের ধরন ঠিক ছিল না।

২০২৪ পরবর্তী রাজনীতিতে দেশ গঠন ও মানবিক মর্যাদাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। তাই নিজের ভুল স্বীকার করে তা প্রত্যাহার করেছেন। ভবিষ্যতে নিজেকে সংশোধনেরও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক ক্ষেত্রে সহনশীলতা ও পরিশীলিত সংস্কৃতি প্রয়োজন। তিনি ২০১৮ সাল থেকে নিজের রাজনৈতিক পথচলায় ভাষা ব্যবহারে সতর্ক থাকার চেষ্টা করেছেন। ঘৃণা ছড়িয়ে কোনো পক্ষই লাভবান হতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। তার মতে, এ ধরনের পরিস্থিতিতে কেবল বিরাজনীতিকরণ করতে চাওয়া গোষ্ঠীই উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *