ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ঐতিহাসিক সংগ্রহশালায় ১৯৪৮ সালের মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মন্তব্য করেছে যে, শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ প্রকাশ করছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলমের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মধুর ক্যান্টিনের নাম পরিবর্তন করে ‘ইশরাত মঞ্জিল’ করার ঘৃণ্য অপচেষ্টা থেকে শুরু করে ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি স্থাপন— এসব কর্মকাণ্ড ১৯৭১ সালের পরাজিত শক্তির প্রতি প্রকাশ্য অনুরাগের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দাঁড়িয়ে মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় ছাত্রসমাজ জিন্নাহর এ চরম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তৎক্ষণাত প্রতিবাদ জানিয়েছিল, যা পরবর্তীকালে আমাদের রক্তক্ষয়ী ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ভিত্তি গড়ে তোলে।
বাংলার স্বাধিকার আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত ডাকসুর সংগ্রহশালায় বিতর্কিত নেতার ছবির প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের প্রতি সরাসরি অবমাননা বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, ডাকসুর বর্তমান নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, অধিকার আদায় ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের ন্যায়সংগত স্বার্থের প্রতি অবহেলা করে তারা পরিষদটিকে নিজেদের নির্দিষ্ট দলীয় ও আদর্শিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত করেছে।




Leave a Reply