পূর্ব চীন সাগরে দেশটির গোয়েন্দা বিমান ওড়ার প্রতিবাদে টানা চার দিন যুদ্ধবিমান মোতায়েন করে নজরদারি করেছে জাপান। সোমবার ৭ সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে দেশটির প্রশাসন। টোকিওর গণমাধ্যম কিয়োদো নিউজ এই সংবাদ প্রকাশ করেছে।
জাপানের জয়েন্ট স্টাফের দেওয়া বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত চীনের ওয়াই-৯ মডেলের বিমানগুলো পূর্ব চীন সাগরে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মূল দ্বীপ কিউশুর পশ্চিম দিকে অবস্থিত দানজো দ্বীপপুঞ্জ ও ওকিনাওয়ার প্রধান দ্বীপের আশেপাশে চক্কর কেটেছে।
অবশ্য ওড়ার সময় চীনা বিমানগুলো জাপানের আকাশসীমায় ঢোকোনি বলে নিশ্চিত করেছে টোকিও। তবুও সম্ভাব্য নিরাপত্তা আশঙ্কার কথা মাথায় রেখে জাপানি বিমানবাহিনী ফাইটার জেট পাঠিয়ে পরিস্থিতি নজরে রাখে।
এই ব্যাপারে টোকিওর আনীত অভিযোগের কোনো জবাব তাৎক্ষণিকভাবে দেয়নি বেইজিং।
জাপান ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক যখন উত্তপ্ত, ঠিক সেই সময়েই নতুন করে এই ঘটনাটি ঘটল। পূর্ব চীন সাগর বহু দিন ধরেই এই দুই দেশের সামরিক ও কৌশলগত দ্বন্দ্বের প্রধান কেন্দ্রবিন্দু। ফলে ওই এলাকায় সামরিক বিমানের আনাগোনা উভয় দেশের জন্যই নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।



Leave a Reply