যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেইলে ভোট দেওয়ার নিয়ম কঠোর করার পরিকল্পনা দেশটির সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে। এই তথ্য জানিয়েছে বিবিসি।
নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে অভিহিত করা হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট একটি ফেডারেল বিচারকের আদেশ বহাল রেখেছে। ওই আদেশের ফলে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগকে ডাকযোগে পাঠানো ব্যালটের জন্য নতুন নিয়ম চালু করা থেকে সাময়িকভাবে বিরত থাকতে বলা হয়েছে।
বিচারপতি ব্রেট কাভানাও এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন। তবে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনের পর একই নিয়ম নিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেওয়ার সম্ভাবনা রয়ে যেতে পারে।
তিনি আরো বলেন, নিয়মটি ডাক বিভাগের আইনি ক্ষমতার মধ্যে আসতে পারে। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে এটি কার্যকর করা অযৌক্তিক হবে।
ট্রাম্পের অভিমত, নতুন নিয়ম চালু হলে নির্বাচনে জালিয়াতি কমানো সম্ভব। মার্চ মাসে তিনি একটি নির্বাহী আদেশে সই করে ডাক বিভাগকে নির্দিষ্ট নাগরিকদের তালিকায় থাকা ভোটারদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
তবে কয়েকটি অঙ্গরাজ্য ও সমালোচকরা বলছেন, এই নিয়ম নির্বাচনের বিষয়ে অঙ্গরাজ্যগুলোর ক্ষমতায় হস্তক্ষেপ করছে।
এদিকে, বিচারপতি স্যামুয়েল আলিটো ও ক্লারেন্স থমাস এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তারা উল্লেখ করেছেন, ট্রাম্পের আদেশের বিরুদ্ধে করা এই আইনি চ্যালেঞ্জ শেষ পর্যন্ত সফল হওয়ার সম্ভাবনা কম। তাদের মতে, ডাক পরিষেবার ওপর নিয়ম তৈরির ব্যাপক ক্ষমতা রয়েছে।


Leave a Reply