সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চলমান জ্বালানি সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এই মন্তব্যটি তিনি দেন পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন জান্নাতের টিকেট বিক্রি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের কথা বলে।

তিনি বলেন, চলমান জ্বালানি সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল খরচ করে লংমার্চ কর্মসূচি পালন কতটা যৌক্তিক, সেটিও ভাবা প্রয়োজন।

এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পানিতে ডুবে শিশুদের মৃত্যু রোধে তাদের সাঁতার শেখানো এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *