নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার টেক্সাসের ডালাসে এক কনভেনশনে তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানরা জিতলে এই অর্থ দেওয়া হবে। তার শর্ত হলো, এই টাকা যুক্তরাষ্ট্রেই খরচ করতে হবে। তবে এই অর্থের উৎস বা বিতরণের উপায় নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছেন। সবাইকে ৫ হাজার ডলার করে দিলে সরকারের প্রায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ব্যয় হবে। ডেমোক্র্যাটরা ট্রাম্পের এই ঘোষণাকে ‘ফাঁকা প্রতিশ্রুতি’ বলে অভিহিত করেছেন। অনেকে এই পরিকল্পনার আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
মূল্যস্ফীতির বাজারে এই পরিকল্পনা কতটা বাস্তবসম্মত, তা নিয়েও বিতর্ক চলছে। এর একটি কারণ হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ। ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখায় বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে।
ট্রাম্পের দলের ভেতর থেকেই যুদ্ধ শেষ করার চাপ রয়েছে। তবে প্রেসিডেন্ট সমর্থকদের সতর্ক করে বলেছেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। তার মতে, ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকাতে এই অর্থনৈতিক চাপ মেনে নেওয়া জরুরি।


Leave a Reply