গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় ধসে পড়া বাড়ির কাঠামো বা ধ্বংসস্তূপের মধ্য থেকে ১৭ জন ফিলিস্তিনির মৃতদেহ বের করে আনা হয়েছে। গত রোববার (১৩ সেপ্টেম্বর) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সূত্রের বরাত দিয়ে আনাদুলু এজেন্সি এই খবর প্রকাশ করে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে আটকে থাকা মানুষদের খুঁজে পেতে গত ১৯ জুলাই শুরু হওয়া শহীদ দেহাবশেষ উদ্ধার অভিযানের দ্বিতীয় ধাপে এই ১৭ জনের লাশ উদ্ধার করা হলো। উদ্ধারকর্মীদের কাছে পর্যাপ্ত ভারী যন্ত্রপাতি না থাকা সত্ত্বেও তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজ সম্পন্ন করেছেন।
গাজা নগরীর ইয়ারমুক ও জেইতুন এলাকার আল-নাদিম এবং হাজ্জি পরিবারের ধংস হওয়া বাসস্থান থেকে ১৬ জন নিখোঁজ ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে। এছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরের আল-ওয়ার পরিবারের আরেকটি ধ্বংস হওয়া বাড়ি থেকেও নিখোঁজ থাকা আর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজায় অস্ত্রবিরতি চুক্তি বহাল থাকা সত্ত্বেও পর্যাপ্ত ভারী সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ খুব ধীরগতিতে এগোচ্ছে। ফিলিস্তিনি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির শর্তানুযায়ী ধ্বংসস্তূপ পরিষ্কার করা এবং মৃতদেহ উদ্ধারের কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি গাজায় প্রবেশের কথা রয়েছে।
২০২৫ সালের অক্টোবরে গাজার সরকারি গণমাধ্যম জানায়, সেখানে ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।


Leave a Reply