সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত ও আবহা এলাকায় গত কয়েক ঘণ্টায় তৃতীয়বারের মতো নিরাপত্তা সতর্কতা জারি করে পরে তা প্রত্যাহার করেছে দেশটির সিভিল ডিফেন্স। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এই সতর্কবার্তা দেওয়া হলেও, পরবর্তীতে কর্তৃপক্ষ তা তুলে নেয়।
এরই মধ্যে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত এই পাইপলাইন সচল করা না গেলে বিশ্ববাজারে দৈনিক প্রায় ৪০ লাখ ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হতে পারে, যা বৈশ্বিক চাহিদার প্রায় ৪ শতাংশ। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, এই সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, মূল্যস্ফীতির চাপ বাড়ছে এবং সরকারি বন্ডের সুদহার ২০০৮ সালের বিশ্বমন্দার পরবর্তী সর্বোচ্চ অবস্থানে দাঁড়িয়েছে।
পাইপলাইনটি মেরামতের সময়সীমা নিয়ে ভিন্নমত রয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ক্ষয়ক্ষতি সারাতে পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। তবে অন্য একটি পক্ষের মতে, দ্রুত মেরামত সম্পন্ন করে আংশিকভাবে তেল সরবরাহ চালু রাখা সম্ভব। এ বিষয়ে সৌদি সরকারি মিডিয়া অফিস বা জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পরিবহনের ক্ষেত্রে এই পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত ছয় মাস ধরে হরমুজ প্রণালির ভূ-রাজনৈতিক অস্থিরতার মুখে এই রুটটি ব্যবহার করে সৌদি আরব নিরাপদে তেল রফতানি অব্যাহত রাখতে সক্ষম হয়েছিল।


Leave a Reply