মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে আগ্রহী। চলতি সপ্তাহের শুরুতে পুতিনের সঙ্গে তার ‘দারুণ’ আলোচনা হয়েছে বলেও ট্রাম্প উল্লেখ করেছেন। রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডালাসে যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, পুতিন একটি চুক্তি করতে চাইছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যদি এমন চুক্তিতে আগ্রহী হন, তবে তা ভালো হবে।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ হয়। এর কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কো ও কিয়েভে তাদের সফর শেষ করেন। তারা যুদ্ধ বন্ধের সম্ভাব্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন।
গত মাসে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ মস্কোতে রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে রাশিয়ার চলমান আগ্রাসন বন্ধের বিষয়েও আলোচনা হয়।
তবে ট্রাম্পের বক্তব্য ও নানা কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও অনেকে সংশয়ী। যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপের গোয়েন্দা কর্মকর্তাদের মতে, পুতিন সত্যিই যুদ্ধ শেষ করতে চান কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইউক্রেনে রাশিয়ার এই যুদ্ধ এখন চতুর্থ বছরে পদার্পণ করেছে।


Leave a Reply