বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম ২০২৬’ নামে একটি নতুন উদ্যোগ শুরু করেছে। এই কার্যক্রমের লক্ষ্য দেশের প্রতিভাবান শিল্পীদেরকে বাছাই করে তাদেরকে তালিকাভুক্ত করা। ১৮ বছর বা তার বেশি বয়সী প্রত্যেক শিল্পী এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হবে। ফরমটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে ডাউনলোড করা যাবে। ফরম পূরণ করে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মুহাম্মদ আনিসুর রহমান, প্রোগ্রাম অফিসার, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা- এই ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে।
আবেদনপত্রের খামের ওপর স্পষ্টভাবে ‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’, আবেদনকারীর নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। যেকোনো ধরনের সুপারিশ তালিকাভুক্তির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক আবেদনকারী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশ নিতে পারবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নজরুলসংগীত, শাস্ত্রীয় সংগীত, তিন কবির গান এবং আধুনিক গান ও সম্মিলিত সংগীত দল থেকে নির্বাচন করা হবে। ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লোকসংগীত, রবীন্দ্রসংগীত, আবৃত্তি বা উপস্থাপনা এবং সম্মিলিত আবৃত্তি দল থেকে, আর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য ও দলীয় নৃত্য থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে।






Leave a Reply