উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি জানান, কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে দেশে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ‘ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্প’-এর উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, উদ্যোক্তা তৈরি করা এই সরকারের সবচেয়ে বড় কাজ। তিনি বলেন, ক্রিয়েটিভ ইকোনমি মডেলের আওতায় তৃণমূলে বিপুল উদ্যোক্তা তৈরি করা হবে। বড় প্রজেক্ট যত কর্মসংস্থান সৃষ্টি করে, তার চেয়ে বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠানে তৈরি হয়। তিনি নতুন পণ্য ও ভিন্ন ধরনের উদ্যোক্তাদের অর্থায়নের আওতায় নিয়ে আসার পরামর্শ দেন।

তিনি বলেন, অনেক পণ্য আছে, যা বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করবে। সেই সুযোগ সৃষ্টি ও বিকশিত করতে সরকার বদ্ধপরিকর।

অনুষ্ঠানে জানানো হয়, অর্থের অভাবে পিছিয়ে পড়া তৃণমূল উদ্যোক্তাদের সহায়তা করতে এই প্রকল্প নেয়া হয়েছে কর্মসংস্থান ব্যাংকের। এর আওতায় পাঁচ থেকে ছয় শতাংশ সুদে ৩০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন উদ্যোক্তারা।

প্রাথমিক পর্যায়ে ৩ জেলার ২০টি উপজেলা নিয়ে কাজ শুরু হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *