বাজারে সবজি ও মাছের দামে উত্তাপ ছড়াচ্ছে। দৈনিক দামের বৃদ্ধি ও চাহিদার বৃদ্ধির কারণে বাজারেই উত্তাপের সৃষ্টি হচ্ছে।

সবজির বাজারে অস্বস্তি কাটছে না। প্রতি সপ্তাহে কোনো না কোনো সবজির দাম অস্বাভাবিক হারে বাড়ছে।

গত সপ্তাহে কাঁচামরিচের কেজি ছিল ১২০ টাকা। আজ শুক্রবার তা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তাল বেগুনের দাম ৪০ টাকা বেড়ে হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকা। একটি লাউয়ের দামও এখন ৮০ টাকার বেশি।

শসা, টমেটো ও করলার দামও বাড়তি। পটল, ঝিঙ্গা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে। বিক্রেতাদের দাবি, সরবরাহ কমায় দাম বেড়েছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, বাজারের ওপর কোনো নজরদারি নেই। তাই বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছেন।

মাছের বাজারেও চড়া দাম। স্বল্প আয়ের মানুষ মিঠা পানির মাছ কিনতে পারছেন না। কারণ, এক কেজি মাছ কিনতে ৮০০ থেকে ১০০০ টাকা লাগছে। তাই অনেকে চাষের মাছের ওপর ভরসা করছেন।

কিন্তু চাষের মাছের দামও বেড়েছে। কেজিতে অতিরিক্ত ৪০ থেকে ৫০ টাকা গুনতে হচ্ছে। রুই-কাতলা মাছের কেজি ৪৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এতে স্বল্প আয়ের মানুষের আমিষের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছে।

বাজারে ইলিশ মাছ পাওয়া গেলেও ক্রেতা কম। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২ হাজার টাকা। এক কেজি ওজনের ইলিশ কিনতে লাগছে ৩ হাজার টাকার বেশি।

ডিমের বাজারও এক মাসের বেশি সময় ধরে অস্থির। প্রতি ডজন ডিমের দাম প্রায় ১৫০ টাকা। অথচ বাজারে ডিমের কোনো সংকট নেই। ব্যবসায়ীদের মতে, লোডশেডিং ও গরমের কারণে মুরগি মারা যাচ্ছে। এতে উৎপাদনে প্রভাব পড়েছে। তবে ক্রেতারা এই যুক্তি মানতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *