ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন ফের চালুর উদ্যোগ, নতুন ট্রেনেরও প্রস্তাব দিচ্ছে ঢাকা

দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় তিনটি যাত্রীবাহী ট্রেন— মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালু করার জন্য ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক। এই বৈঠকে অংশ নিয়েছেন দুই দেশের প্রতিনিধি। একমত হলে আগামী মাস থেকেই কলকাতা ও নিউ জলপাইগুড়ি থেকে তিনটি আন্তর্জাতিক ট্রেন আবার চলাচল শুরু করতে পারবে বলে জানা গেছে।

২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে গত বছরের ফেব্রুয়ারিতে প্রায় নয় মাস বন্ধ থাকার পর দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আবার শুরু হয়। যাত্রীবাহী ট্রেন এখনো চালু হয়নি।

এদিকে, ভারতের মধ্যে চলাচলকারী তিনটি ট্রেন আবার চালু ছাড়াও বাংলাদেশ রাজশাহী থেকে কলকাতার পথে নতুন যাত্রীবাহী আরেকটি ট্রেন চালুর প্রস্তাব দেবে। এছাড়াও, ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু দিয়ে চলাচল করার আগ্রহ দেখাবে বাংলাদেশ। এত দিন মৈত্রী ট্রেন যমুনা সেতু দিয়ে চলাচল করেছে।

বৈঠকে যাত্রীবাহী ট্রেন চালুর পাশাপাশি স্থগিত থাকা রেল প্রকল্প ও পণ্য পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *