বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট

মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হককে বাঁধনের ওপর হামলার ঘটনায় সমর্থন দেবে বলে জানিয়েছে। মিলান কনস্যুলেট কর্মকর্তারা বাঁধনের সাথে যোগাযোগ করেছেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। তারা জানিয়েছেন যে, এ ঘটনায় মামলা করা হবে এবং যদি প্রয়োজন হয়, বাঁধনকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। অভিনেত্রী বাঁধনের সাথে আজ কনস্যুলেটের কর্মকর্তাদের দেখা করার কথা রয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে হেনস্থা ও পরে হামলার শিকার হন বাঁধন। ভিডিওতে দেখা যায়, রাতে ইতালির রাস্তায় কয়েকজন বাঙালি যুবক তার ওপর চড়াও হয়। তার দিকে পানি ছুড়ে মারা হয়। একজন তাকে মারতেও উদ্যত হন। এ ঘটনার পর বাঁধন ফেসবুক লাইভে এলে তার চোখেমুখে ব্যাপক আতঙ্ক দেখা যায়। তিনি পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। সে সময় আঘাতে তার মুখ ফোলা ছিল।

বাঁধন বলেন, ভেনিসে তার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন তিনি। সেখানে একদল প্রবাসী বাঙালি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। তার গায়ে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়। তার অভিযোগ, হামলাকারীরা তার গায়ে হাত তোলেন, ফোন কেড়ে নিয়ে ফেলে দেন এবং কানের পাশে আঘাত করেন। এ সময় তার সঙ্গে থাকা ভাইয়ের ছোট শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল বলেও জানান তিনি।

বাঁধনের অভিযোগ, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা গেছে, যাদের বেশিরভাগই ভেনিসে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সেখানে বিভিন্ন সময় তারা আওয়ামী লীগের পক্ষে সভা-সেমিনারও করেছেন। কেউ কেউ নিজেকে নেতা হিসেবেও পরিচয় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *