ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া নদীর তীরে সকালে একটি বড় নৌকা ডুবে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে নৌকাটি আখাউড়ার বড়বাজার নৌঘাটে নোঙরের চেষ্টা করছিল। তবে প্রবল স্রোতের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায় এবং উল্টে যায়। ফলে নৌকায় থাকা দোকানীদের মালামালের অধিকাংশই নদীর পানিতে তলিয়ে ও ভেসে যায়।
বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী বলেন, নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনি সহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। ব্যবসায়ীদের মতে, নৌকাটিতে প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল ছিল।
আখাউড়া পৌরশহরের একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী বলেন, নৌকায় অতিরিক্ত মালামাল বোঝাই করা হয়েছিল। ঘাটে ভেড়ানোর সময় প্রবল স্রোতের কারণে মাঝি নৌকাটি নিয়ন্ত্রণে রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে।



Leave a Reply