শরীয়তপুরের জাজিরা থানার এসআই রফিকুল ইসলামের বিরুদ্ধে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। পুলিশ এ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়াও চলছে। বুধবার জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, তিন বছর আগে ইতি আক্তারের সঙ্গে সাত্তার শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ইতিকে নির্যাতন করা হতো। গত ১৭ আগস্ট তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এই ঘটনায় ইতি আক্তার গত ৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করেন। এসআই রফিকুল ইসলামকে এই অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তের সময় তিনি ইতি আক্তারের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি টাকা পাঠানোর জন্য তার ব্যক্তিগত বিকাশ নম্বরও দেন। এক প্রবাসীর সঙ্গে তার কথোপকথনের অডিও থেকে এই প্রমাণ পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই এসআই রফিকুলকে প্রত্যাহার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply