সামনে আসা ধর্মীয় উৎসবগুলোর প্রেক্ষিতে বিশ্বব্যাপী অবস্থানরত ইসরায়েলি নাগরিকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা ঘোষণা করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি)। খরব জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী, এই সতর্কতার আওতায় বাংলাদেশসহ বেশ কিছু দেশে ইসরায়েলিদের ভ্রমণ ও অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
রবিবার ইস্যু করা এক বিবৃতিতে এনএসসি জানিয়েছে, ইহুদিদের আসন্ন কয়েকটি ধর্মীয় উৎসবের প্রেক্ষাপটে বিদেশের মাটিতে অবস্থানরত ইসরায়েলি ও ইহুদিদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার আশঙ্কা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে এই বিপদ আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি, ইয়েমেনের হুতি গোষ্ঠীও আফ্রিকা মহাদেশে ইসরায়েলিদের ওপর আঘাত হানার হুমকি প্রদান করেছে বলে এনএসসি দাবি করেছে।
নিরাপত্তা সংস্থাটি সতর্ক করে বলেছে যে, ইরানের নিকটবর্তী দেশগুলো ইসরায়েলিদের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ক্ষেত্রে মারাত্মক ঝুঁকির কথা জানানো হয়েছে। এনএসসির ধারণা, আগামী অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধের এক বছর পূর্ণ হওয়া উপলক্ষে বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী হামলা ও সহিংসতা তীব্রতর হতে পারে।
এছাড়া জর্ডান, কাতার, সোমালিল্যান্ড এবং মিসরের (সিনাই উপত্যকা সংলগ্ন এলাকা) পরিস্থিতিও ইসরায়েলিদের জন্য আশঙ্কাজনক। এসব অঞ্চলে সফর না করার পাশাপাশি সেখানে অবস্থানরত ইসরায়েলিদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি এসব দেশে বিমান ভ্রমণের সময় ট্রানজিট নেওয়ার ক্ষেত্রেও বিমানবন্দর ত্যাগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
একইসাথে এনএসসি জানিয়েছে যে, ইরাক, কুর্দিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন ও সৌদি আরবে ইসরায়েলিদের যাতায়াত আইনত নিষিদ্ধ। এই বিধিনিষেধ দ্বৈত নাগরিকত্বধারীদের ক্ষেত্রেও একইভাবে কার্যকর থাকবে।
পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়াকেও ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করে সেখানে না যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে।
যদিও বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো প্রকার বাণিজ্যিক বা কূটনৈতিক সুসম্পর্ক নেই এবং সেখানে ইসরায়েলিদের নিয়মিত যাতায়াতও নেই, তবুও এনএসসির বৈশ্বিক ঝুঁকি মূল্যায়নের তালিকায় দেশটির নাম অন্তর্ভুক্ত হয়েছে।
ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় বাংলাদেশ, ভ্রমণ সতর্কতা জারি



Leave a Reply