অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও’র পদ ছাড়লেন শেখ হাসিনার কন্যা সায়মা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদ পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ ছিল।

বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছে পদত্যাগপত্র জমা দেন। রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

সায়মা ওয়াজেদ ২০২৩ সালের নভেম্বরে নির্বাচিত হন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছিলেন। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু হয়। এর জেরে ২০২৫ সালের জুলাই মাসে ডব্লিউএইচও তাকে অবৈতনিক ছুটিতে পাঠায়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ডব্লিউএইচও তার বিরুদ্ধে তিনটি প্রধান অভিযোগের তদন্ত করছিল। অভিযোগগুলো হলো—চীন ভ্রমণে আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে ভুল তথ্য এবং অবৈধভাবে প্লট অধিগ্রহণ।

তবে সায়মা ওয়াজেদ এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তার দাবি, চীন ভ্রমণের ৯০১ ডলারের হিসাব ছিল সহকারীর প্রশাসনিক ভুল। তিনি আরও জানান, তার ডক্টরেট ডিগ্রি যে সম্মানসূচক, তা তিনি আগেই কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ অভিযোগ করেন, সংস্থাটি তাকে দায়িত্ব পালনে বাধা দিচ্ছে। তিনি নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছেন বলে জানান। এছাড়া দীর্ঘ সময় বেতন না পাওয়ায় তার আর্থিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে।

সূত্র জানায়, সায়মা ওয়াজেদকে সরানোর প্রক্রিয়া আগে থেকেই চলছিল। আগামী ১২ অক্টোবর এই পদের জন্য নতুন মনোনয়ন ঘোষণা করা হতে পারে। আগামী ২৪ জানুয়ারি নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের জন্য ভোট হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *