গাজীপুরের কালীগঞ্জে সার বিক্রিতে অনিয়ম ও অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার দোলান বাজারে অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। অভিযানকালে ব্যবসায়ীদের দোকান ও গুদামের স্টক রেজিস্টারে পটাশ সারের উল্লেখিত পরিমাণের সঙ্গে বাস্তব মজুদের বড় ধরনের অসঙ্গতি দেখা যায়। রেজিস্টারে কম পরিমাণ দেখিয়ে বাস্তবে বেশি সার মজুদ রাখার প্রমাণ আবিষ্কৃত হয়।
এ ঘটনায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়। পরে আদালত তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জরিমানার আওতায় পড়েন প্রকাশ ট্রেডার্সের মালিক অমূল্য কৃষ্ণ দাসের ছেলে নির্মল দাস (৬০) এবং মেসার্স এস এস করপোরেশনের ম্যানেজার মৃত আব্দুল কাশেমের ছেলে শরীফ ভূইয়া (৩৪)।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অত্যাবশ্যকীয় সার বিক্রিতে অনিয়ম রোধে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।



Leave a Reply