পাবনায় ছেলের বিয়ের আগের দিন মা-বাবা নিহত সড়ক দুর্ঘটনায়

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)। তাদের বাড়ি ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়ায়।

বৃহস্পতিবার তাদের বড় ছেলের বিয়ের আয়োজন ছিল। বুধবার বিকেলে বিয়ের কেনাকাটা করতে তারা মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত আনোয়ার মালিথাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তারও মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে পুলিশ ট্রাকটি আটক করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *