পটুয়াখালীতে পুলিশের ভুলের ফলে ২০ দিন ধরে কারাগারে আটক মৎস্যজীবী

পটুয়াখালীতে পুলিশ কর্তৃক প্রকৃত আসামির ভুলে গ্রেফতার হওয়া মো. জলিল হাওলাদার নামে এক মৎস্যজীবীকে ২০ দিন ধরে কারাগারে আটকা রেখেছে পুলিশ। অথচ মামলার প্রকৃত আসামি দেশের বাইরে অবস্থান করছেন।

এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পটুয়াখালীর মহিপুর এলাকায়। পুলিশের দাবী, আসামির নাম, বাবার নাম, গ্রামের ঠিকানা এক হওয়ায় ভুলে তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, মো. আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ী ২ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা পাওনা আদায়ের জন্য মো. জলিল হাওলাদারের বিরুদ্ধে ২০২৩ সালে পটুয়াখালীর আদালতে মামলা করেন। পাওনা পরিশোধের জন্য দেওয়া একটি চেক ২৭ মার্চ ২০২৩ তারিখে অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখ্যাত হয়।

এই মামলায় আদালত থেকে জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে গত ১৯ আগস্ট মহিপুর থানার এএসআই মো. শহিদুল শিববাড়িয়া এলাকা থেকে মো. জলিল হাওলাদার নামে এক মৎস্যজীবীকে গ্রেফতার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেই দিন থেকে এখন পর্যন্ত জলিল হাওলাদার পটুয়াখালী কারাগারে আছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, গ্রেফতারি পরোয়ানায় আসামির পরিচয়ে সাধারণত মায়ের নাম উল্লেখ থাকে না। যে কারণে এই সমস্যা তৈরি হয়েছে। মায়ের নাম বাদে বাকী সব কিছু এক থাকায় হালিমা খাতুনের ছেলে জলিল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারের সময় জলিলের পরিবারের সদস্যরাও একবারের জন্যও বলেননি যে তাদের বিরুদ্ধে কোন মামলা নাই। তাহলেও আমরা বিষয়টি খতিয়ে দেখতাম। বিষয়টি দুঃখজনক এবং ভুলের কারণে হয়েছে। জলিল হাওলাদার যাতে দ্রুত সময়ের মধ্যে জামিন পেতে পারে সেজন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এ বিষয়ে জলিলের আইনজীবী এ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির বলেন, পুরো বিষয়টি অবগত করে আমরা জামিনের জন্য গতকাল রোববার আবেদন করেছি কিন্তু আজকে সোমবার দুপুর পর্যন্ত এখনও জামিন শুনানি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *