রোমানিয়া ফুটবলে নতুন এক শৃঙ্খলাবিধি চালু করেছে। অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ বয়সী শিশুদের ম্যাচে অভিভাবক ও দর্শকদের অসদাচরণের সমস্যা দূর করতে এবার চালু হচ্ছে ‘কালো কার্ড’ ব্যবস্থা। ইউরোপে এটি প্রথমবারের মতো। রোমানিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, এই ব্যবস্থা চালু করার মূল উদ্দেশ্য হলো শিশু খেলোয়াড়দের মানসিক ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা।
ফেডারেশন বলেছে, অনেক সময় অভিভাবক ও দর্শকদের অতিরিক্ত প্রত্যাশা, চাপ ও হতাশা শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ফুটবল শিশুদের জন্য আনন্দ, শেখা ও সুস্থ বিকাশের জায়গা হওয়া উচিত, কিন্তু অনেক সময় তা বাধা পায়। নতুন নিয়ম অনুযায়ী, ‘কালো কার্ড’ দেখানোর অর্থ হলো ম্যাচ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। কোনো ম্যাচে দর্শক বা অভিভাবকদের আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং সতর্কতার পরও তা অব্যাহত থাকলে রেফারি কালো কার্ড দেখিয়ে ম্যাচ শেষ করে দিতে পারবেন।
কালো কার্ডের কার্যকর হওয়ার পদ্ধতি নিম্নরূপ: রেফারি প্রথমে অসদাচরণের বিষয়ে সতর্ক করবেন। এরপর কোচদের মাধ্যমে দর্শকদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে এবং মাইকে সতর্কবার্তা দেওয়া হবে। এরপরও আচরণ পরিবর্তন না হলে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে এবং দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো হবে। খেলা পুনরায় শুরু হওয়ার পর একই ধরনের ঘটনা আবার ঘটলে তৃতীয় ধাপে রেফারি কালো কার্ড দেখিয়ে ম্যাচ বাতিল করবেন। এরপর সেই ম্যাচ আর পুনরায় শুরু করা যাবে না।
রোমানিয়ার নতুন নিয়মে যেসব আচরণ শাস্তির আওতায় পড়বে— খেলোয়াড়দের উদ্দেশে গালাগালি বা অপমানজনক মন্তব্য, শিশু খেলোয়াড়দের ধাক্কা দেওয়া বা আঘাত করা, নিজ দলের কোচিং স্টাফকে অপমান বা আক্রমণ করা, প্রতিপক্ষ দলের খেলোয়াড় বা কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ, রেফারি ও ম্যাচ কর্মকর্তাদের হুমকি, অপমান বা শারীরিক আক্রমণ এবং অভিভাবক ও দর্শকদের মধ্যে ঝগড়া বা শারীরিক সংঘর্ষ।
রোমানিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, শিশুদের ওপর বড়দের উচ্চাকাঙ্ক্ষা, চাপ বা হতাশার প্রভাব কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটবলে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ তৈরির ক্ষেত্রে ‘কালো কার্ড’ নতুন এক দৃষ্টান্ত তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(সূত্র: গোল ডটকম)






Leave a Reply