জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা প্রথাগত বিরোধীদল হতে চান না। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংসদে চেয়ার ছোড়াছুড়ি বা অহেতুক ঝামেলা করা তাদের লক্ষ্য নয়। আবার সরকারের প্রতিটি কথায় অন্ধ সমর্থন দেওয়াও তাদের নীতি নয়। সরকার ভালো কাজ করলে তারা সমর্থন দেবেন। ভুল করলে প্রতিবাদ ও প্রতিরোধ করবেন। এটাই তাদের দলগত নীতি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি তাদের দেওয়া ওয়াদা থেকে সরে গেছে। তারা গণভোটের রায় বাস্তবায়নে অনিচ্ছুক। নিজেদের পছন্দমতো সংবিধান সংশোধনের চেষ্টা করছে। অথচ তাদের এক দফার প্রধান দাবি ছিল সাংবিধানিক সংস্কার।
তিনি আরও বলেন, সংসদে তারা বিভিন্ন আইন সংশোধনের প্রস্তাব দিলেও সরকার তা আমলে নেয়নি। সামান্য কিছু ছাড়া সব প্রস্তাবই প্রত্যাখ্যান করা হয়েছে।
তিনি জানান, সাধারণ মানুষের দাবি আদায়ে তারা রাস্তায় নেমেছেন। কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য তারা আন্দোলন করছেন না। এ ছাড়া সম্পত্তি বণ্টন আইন কোরআনের বিধানের পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন। তার মতে, এই আইন কার্যকর হলে ঘরে ঘরে বিরোধ বাড়বে।


Leave a Reply